শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ পার্সোনাল লোন পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগে ফাইন্যান্স কোম্পানির এক কর্মীকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম মানিক পাল।
অভিযোগ, মহিলার নথিপত্র ও মোবাইলে আসা ওটিপি ব্যবহার করে তার নামে ৮২ হাজার ৯০০ টাকার আইফোন-১৭ কেনার জন্য ঋণ করিয়ে নেওয়া হয়। অথচ ওই মহিলাকে দেওয়া হয় মাত্র ৩৯ হাজার টাকা। পরে ঋণের ইএমআই দিতে গিয়ে সমস্যায় পড়লে প্রতারণার বিষয়টি তার নজরে আসে। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ফাইন্যান্স কোম্পানির ওই কর্মীকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।





