শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ পারিবারিক বিবাদ থেকে সামনে এল বাড়ির একাধিক অবৈধ নির্মাণের অভিযোগ। এক ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গোটা বাড়িতেই একাধিক জায়গায় নির্মাণ সংক্রান্ত অনিয়মের হদিশ পেল শিলিগুড়ি পুরনিগম। এরপর নিয়ম মেনে নোটিশ দেওয়ার পর বুধবার ওই বাড়ির বিভিন্ন অংশে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার অভিযান চালাল পুরনিগমের আধিকারিকরা।
ঘটনাটি শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত হাকিমপাড়ার রাসবিহারী সরণী এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে তিন ভাই থাকেন। দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদের মধ্যেই বাড়ির নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠে। এক ভাইয়ের বিরুদ্ধে বাড়িতে অবৈধভাবে নির্মাণকাজ করার অভিযোগ তোলেন অপর ভাই। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত শিলিগুড়ি পুরনিগমের কাছে লিখিত অভিযোগ জানানো হয়।
অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাড়িটির নির্মাণ সংক্রান্ত নথি ও বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখার উদ্যোগ নেয় পুরনিগম।পুরনিগমের আধিকারিকরা সংশ্লিষ্ট বাড়ির বিল্ডিং প্ল্যান পরীক্ষা করতে গিয়ে একাধিক অসঙ্গতি লক্ষ্য করেন বলে জানা গিয়েছে। শুধু বাড়ির একটি নির্দিষ্ট অংশেই নয়, বাড়ির সামনের অংশ থেকে শুরু করে পিছনের অংশ পর্যন্ত বিভিন্ন জায়গায় অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ সামনে আসে।
এরপর নির্মাণ সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের নোটিশ পাঠায় শিলিগুড়ি পুরনিগম। পুরনিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের পর বুধবার শুরু হয় অবৈধ নির্মাণ ভেঙে ফেলার অভিযান।
এদিন সকাল থেকেই পুলিশের উপস্থিতিতেই পুরনিগমের কর্মীরা বাড়ির বিভিন্ন অংশে থাকা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেন।
বাড়ির সামনের অংশ এবং পিছনের অংশ-সহ একাধিক জায়গায় যে নির্মাণগুলি অনুমোদিত বিল্ডিং প্ল্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, সেগুলির উপরেই মূলত পদক্ষেপ করা হয়। তিন ভাইয়ের ওই বাড়ির বিভিন্ন অংশে পর্যায়ক্রমে ভাঙার কাজ চালানো হয়। সকাল থেকে পুরনিগমের এই অভিযান চলে।





