শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ শহরের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে উদ্যোগী হলেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় দুটি স্টেডিয়ামের অসমাপ্ত কাজ, বিভিন্ন ক্রীড়া সংস্থার অফিসের স্থায়ী ব্যবস্থা এবং নতুন করে প্রশিক্ষণ কেন্দ্র চালুর বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী।
ইন্ডোর স্টেডিয়ামে নতুন খেলার পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি ব্যাডমিন্টন প্রশিক্ষণ পুনরায় চালু করা এবং একটি চেস ট্রেনিং অ্যাকাডেমি তৈরির পরিকল্পনার কথা উঠে আসে। এছাড়াও খো খো ও কাবাডির মতো খেলার সঙ্গে যুক্ত সংস্থাগুলির জন্য স্থায়ী অফিসের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়। শিলিগুড়ি পুরনিগমের তত্ত্বাবধানে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
অন্যদিকে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পুনর্নবীকরণের কাজ নিয়েও বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে পুনর্নবীকরণের কাজ শেষ করে স্টেডিয়াম হস্তান্তরের কথা থাকলেও এখনও সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এদিন স্টেডিয়াম পরিদর্শন করে দ্রুত বাকি কাজ শেষ করার আশ্বাস দেন শঙ্কর ঘোষ। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি।





