দার্জিলিং, ২৫ সেপ্টেম্বরঃ ধসে ক্ষতিগ্রস্ত হল দার্জিলিংয়ের তাকদা গ্রামীণ হাসপাতালের একাংশ। শুক্রবার ভোররাতে আচমকাই হাসপাতাল সংলগ্ন এলাকায় ধস নেমে হাসপাতালের একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় হাসপাতালের ভিতরে থাকা এক রোগীর আত্মীয় ধসের নীচে চাপা পড়ে যান। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং ধসের নীচে চাপা পড়া ওই ব্যক্তিকে উদ্ধার করেন। এরপর তাঁকে চিকিৎসার জন্য দার্জিলিং সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় তাকদা গ্রামীণ হাসপাতালে মোট ছয়জন উপস্থিত ছিলেন। ভোররাতে আচমকা ধস নামার জেরে হাসপাতালের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগী ও তাঁদের পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
ক্ষতিগ্রস্ত অংশের কারণে হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টি ও ধসের পরিস্থিতির মধ্যে এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ি এলাকায়। বালাসন, তিস্তা, মহানন্দা সহ বেশ কিছু নদীতে জল স্তর বৃদ্ধি পেয়ে যায়। প্রশাসনের নদীগুলির উপর নজর রাখা হয়েছে। পাশাপাশি তিস্তা পার এর বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।





