দার্জিলিং, ২৫ আগস্টঃ দুর্গাপুজোতে উৎসবের মরশুমে পর্যটকদের জন্য বিশেষ উপহার আনছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আগামী ১ অক্টোবর থেকে বাড়ানো হচ্ছে বিশেষ জয়রাইড পরিষেবা।
পর্যটকেরা ঐতিহ্যবাহী টয় ট্রেনে চড়ে পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের আরও সুযোগ পাবেন। ডিএইচআর জানিয়েছে, দার্জিলিং–ঘুম রুটে চারটি সিঙ্গল-ট্রিপ জয়রাইড এবং কার্শিয়ং–মহানদী রুটে দু’টি রাউন্ড-ট্রিপ জয়রাইড চালানো হবে। দার্জিলিং–ঘুম রুটে ডিজেল ইঞ্জিনের জয়রাইডের ভাড়া ৮০০ টাকা।
অন্যদিকে, কার্শিয়ং–মহানদী রুটের বিশেষ বাষ্পচালিত টয় ট্রেন জয়রাইডটির নাম রাখা হয়েছে ‘রেড পান্ডা’, যার ভাড়া ১,৫৩০ টাকা।
দ্বিতীয় ডিজেলচালিত জয়রাইডটির নাম ‘মুক্তধারা’, ভাড়া ১,০৩০ টাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পরিষেবার নামকরণ করা হয়েছে ‘মুক্তধারা। মহানদী সংলগ্ন পাগলাঝোরার প্রাকৃতিক সৌন্দর্য, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনেই এই নাম বেছে নেওয়া হয়েছে।
ডিএইচআর-এর আশা, পুজোর ছুটিতে এই বিশেষ পরিষেবাগুলি পর্যটকদের কাছে ঐতিহ্যবাহী টয় ট্রেন, বাষ্পচালিত রেলযাত্রা এবং দার্জিলিং পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগের এক নতুন ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।
