শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ বিশ্ব পর্যটনে ফের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করলো দাজিলিং হিমালয়ান রেলওয়ে। বিশ্বের অন্যতম ভ্রমণ নির্দেশক সংস্থা ‘লোনলি প্ল্যানেট’এর প্রকাশিত ‘বেস্ট ইন ট্রাভেল ২০২৭’ তালিকার বিশ্বসেরা পর্যটন অভিজ্ঞতার মধ্যে স্থান করে নিয়েছে ঐতিহ্যবাহী ‘টয়ট্রেন’।
আন্তর্জাতিক স্তরে বিশ্বখ্যাত ভ্রমণ ম্যাগাজিন ও গাইডবুকের স্বীকৃতি দাজিলিং হিমালয়ান রেলওয়ের গৌরবকে বিশ্বমঞ্চে আরও এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন, ডিএইচআর এর ঐতিহাসিক ঐতিহ্য, পাহাড়ের নৈসর্গিক প্রাকৃতিক রূপ এবং স্থানীয় সম্প্রদায়কে সঙ্গে নিয়ে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার নানাবিধ উদ্যোগই এই সাফল্যের এসেছে।
ডিএইচআর এর ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, লোনলি প্ল্যানেটের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সূত্রে পাওয়া এই স্বীকৃতি শুধু দাজিলিং বা টয়ট্রেনের জন্য নয়, বরং সমগ্র পূর্ব হিমালয়ের পর্যটন শিল্পের জন্য এক বিশাল প্রাপ্তি। এটি আমাদের ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আধুনিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা আরও জোরদার করবে। এই আন্তর্জাতিক সম্মানের ফলে আগামীদিনে পর্যটক সমাগমে এক অভূতপূর্ব বৃদ্ধি দেখা যাবে, যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





