শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের গুরুদেব সুদিন কুমার মিত্রর ১০৮তম আবির্ভাব দিবস পালন করা হল।
এদিন আশ্রম প্রাঙ্গণে পূজা, অর্ঘ্য নিবেদন, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ট্রেজারার সৌমিক তালুকদার। তিনি বলেন, “আমরা সারা বছর মানুষের সেবায় নিয়োজিত থাকি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও জানান, এবছর থেকে আশ্রমের পক্ষ থেকে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেসব ছাত্রছাত্রী ভবিষ্যতে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান এবং কম্পিউটার শিক্ষা অর্জনে আগ্রহী, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি সারা বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং বিভিন্ন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ন্যায্যমূল্যে করানোর ব্যবস্থা রয়েছে। দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচিও নিয়মিতভাবে চালু রয়েছে বলে জানান তিনি।
