ফুলবাড়ি, ২০ ফেব্রুয়ারিঃ “আমি আর ডাবগ্রাম-ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি। আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি’। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি পশ্চিম ধানতলা এলাকার একটি রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন গৌতম দেব। তার কথায় স্পষ্ট আক্ষেপের সুর।
শুক্রবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম ধনতলা গ্রামে প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ একটি পেভার ব্লক রাস্তার শিলান্যাস করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলা পরিষদের সদস্যা মনিষা রায়, প্রধান রফিকুল ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
ডব্লিউবিএসআরডি’এর তত্ত্বাবধানে এবং এসডিআরএফ এর অর্থানুকূলে প্রায় ৭৩ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় এলাকাবাসীর মধ্যে খুশির হাওয়া।
