শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ রাজ্য সরকার ও জেলা প্রশাসনের বিরুদ্ধে।এর প্রতিবাদে আগামী ২২ জানুয়ারি অনশনে বসার সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
সোমবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান শঙ্কর ঘোষ।তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসন একাধিক অজুহাতে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকে রেখেছে।এরফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।এই বিষয়ে বারবার জেলা প্রশাসন, রাজ্য সরকার, এসজেডিএ, এমনকি মেয়রকেও লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিধায়ক।
শঙ্কর ঘোষের দাবি, এটি পরিকল্পিত ষড়যন্ত্র। তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই রাজ্য সরকার ও শাসকদল ইচ্ছাকৃতভাবে বিধায়ক তহবিলের টাকা আটকে রাখছে।উন্নয়নমূলক কাজ বন্ধ রেখে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
এই প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব পাল্টা কটাক্ষ করেন।তিনি বলেন, উনি যা বলছেন মিথ্যে বলছেন। একদিন উপোস থাকলে শরীর ভালো থাকে।তবে অনশনের বিষয়টি তার ব্যাপার বলে জানান তিনি।
