অপহরণ করে লক্ষাধিক টাকার মুক্তিপণ চেয়ে ফোন! তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করলো পুলিশ-উদ্ধার ব্যক্তি

শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ অপহরণ করে লক্ষাধিক টাকার মুক্তিপণ দাবী।চক্রের পর্দাফাঁস করলো পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।কয়েক ঘন্টার মধ্যেই অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনায় দুজনকে গ্রেফতার করলো পুলিশ।


জানা গিয়েছে, নকশালবাড়ির বাসিন্দা উমেশ কুমার সাহানিকে অপহরণ করা হয়েছিল।তার স্ত্রী নুপুর সাহা পানিট্যাঙ্কি ফাঁড়িতে এই অভিযোগ দায়ের করেন।অপহরণকারীরা তার স্বামীর মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করেছিল।এই অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করে পুলিশ।যে নম্বর থেকে মুক্তিপণের ফোন এসেছিল সেই নম্বরটিকে শনাক্ত করা হয়।অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই বুধবার গভীর রাতে পায়েল সিনেমা হলের কাছে একটি পরিত্যক্ত ভবন থেকে অপহৃত উমেশ কুমার সাহানিকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা দুজনকে।ধৃতদের নাম ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রামের বাসিন্দা সুদীপ মন্ডল এবং সুকান্তনগরের বাসিন্দা মৃণাল সাহা।বৃহস্পতিবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়িতে উমেশ কুমার সাহানির একটি গাড়ির ব্যবসা রয়েছে।সুদীপ মন্ডল গাড়ি কেনার অজুহাতে তার সঙ্গে পরিচিতি তৈরি করে।এরপর উমেশকে শিলিগুড়িতে নিয়ে এসে অপহরণ করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়।তবে পুলিশ তাদের পরিকল্পনা ভেস্তে দেয়।এই ঘটনায় আরও কারা জড়িত তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *