ফুলবাড়ি, ৭ নভেম্বরঃ আলুর বস্তার আড়ালে অভিনব কায়দায় মহিষ পাচারের চেষ্টা, ২৯টি মহিষ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক।
উপরে সাজানো আলুর বস্তা, আর তার নীচেই তৈরি করা হয়েছিল গোপন চেম্বার। সেই চেম্বারের ভেতরেই লুকিয়ে রাখা হয়েছিল ২৯টি মহিষ। বিহার থেকে অসমে মহিষ পাচারের এই অভিনব কৌশল বানচাল করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি আমাইদিঘি এলাকায় অভিযান চালায় চালানো হয়। সন্দেহভাজন একটি বড় মালবাহী ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই সামনে আসে পাচারের অভিনব কৌশল। ট্রাকের উপরে রাখা ছিল আলুর বস্তা। কিন্তু সেই বস্তার নীচে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার। সেখান থেকেই উদ্ধার হয় মোট ২৯টি মহিষ।
এই ঘটনায় ট্রাক চালক রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি অসমে। এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।





