শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলী ভবন এবং অত্যাধুনিক অধিবেশন কক্ষ।এদিন নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, পুরনিগমের কমিশনার, মেয়র পারিষদের সদস্য, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরনিগমের আধিকারিকরা।ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভবন ও অধিবেশন কক্ষের উদ্বোধন করা হয়।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই অধিবেশন কক্ষে পুরনিগমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, বোর্ড মিটিং এবং আলোচনা সভা করা হবে।উদ্বোধনের পরপরই নতুন অধিবেশন কক্ষে প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।
এদিন মেয়র গৌতম দেব জানান, এই নতুন ভবন ও অধিবেশন কক্ষ শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক কাজকর্মকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনমুখী করে তুলবে।পাশাপাশি নাগরিক পরিষেবা উন্নত করার ক্ষেত্রেও এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী তিনি।

