ফুলবাড়ি, ৯ ফেব্রুয়ারিঃ সাহুডাঙ্গি বৈতরণী বৈদ্যুতিক চুল্লির নবরূপদান করে শিলিগুড়ি পুরনিগমকে হস্তান্তর করা হল। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের হাতে সংশ্লিষ্ট নথিপত্র তুলে দেয়।
জানা গিয়েছে, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ১ কোটি ২৩ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে সাহুডাঙ্গির বৈতরণী বৈদ্যুতিক চুল্লির নবরূপদান করা হয়েছে।
এদিন অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগার, মেয়র পারিষদ দুলাল দত্ত সহ পুরনিগম ও এসজেডিএ-র একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে সাহুডাঙ্গিতে বৈতরণী বৈদ্যুতিক চুল্লিটি নির্মিত হয়েছিল। প্রথমে ফুলবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এই চুল্লির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। বর্তমানে এসজেডিএ চুল্লিটির নবরূপদান সম্পন্ন করে শিলিগুড়ি পুরনিগমের হাতে হস্তান্তর করল। এদিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয়েছে এবং আগামী ৭ দিনের মধ্যেই চুল্লিটি সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে বলে জানান তিনি।
