শিলিগুর, ৮ ফেব্রুয়ারিঃ এসবিএসটিসি বাস থেকে চুরি যাওয়া লাগেজ উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, রবিবার সকালে গয়েরকাটার বাসিন্দা মনিষা টোপ্পো ও প্রিয়াংকা রায় দুই বান্ধবী ধূপগুড়ি থেকে বাসে চাপে শিলিগুড়ি উদ্দেশ্যে আসছিল।গন্তব্যস্থল ছিল দার্জিলিং।
শিলিগুড়ি জংশনে পৌঁছে তারা দেখে বাসে থাকা তাদের লাগেজ উধাও।বাসের কনডাক্টর জানায় যে তিনবাত্তি মোড়ে এক ব্যক্তি লাগেজ নামিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে এনজেপি থানার দ্বারস্থ হয় দুই যুবতী।অভিযোগ দায়ের করতেই তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
এরপর শুরু হয় ব্যক্তির খোঁজ। অবশেষে ভোলামোড় থেকে লাগেজ সহ গ্রেফতার করা হয় সুবোধ রায় নামে এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তি আলিপুরদুয়ারের বাসিন্দা।
বাসেই সফর করছিল সে।
পুলিশি জেরায় ব্যক্তি স্বীকার করে যে, সে তিনবাত্তি মোড়ে লাগেজটি চুরি করে নেমে যায়।ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।লাগেজ ফিরে পেয়ে খুশি দুই যুবতী, পুলিশকে ধন্যবাদ জানান তারা।
