ফুলবাড়ি, ৬ আগস্টঃ ফুলবাড়ি তিস্তা ক্যানেল রোডের পুটিমারী সংলগ্ন লক্ষ্মীজোত ডাঙ্গাপাড়া এলাকায় পরপর চারটি গাড়ির সংঘর্ষ। ঘটনায় সামান্য আহত হলেন চারজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবাড়ির দিক থেকে একটি পার্সেলবাহী গাড়ি ফুলবাড়ির দিকে আসছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা অক্সিজেন সিলিন্ডার বোঝাই একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা একটি যাত্রীবাহী গাড়ির উপর উঠে পড়ে।একের পর এক মোট চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের পুলিশ। পরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।এই ঘটনায় চারজন সামান্য আহত হন।
কি কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
