ফুলবাড়ি, ২১ সেপ্টেম্বরঃ শনি মন্দির থেকে শনি মহারাজের মূর্তি চুরির অভিযোগ, তিস্তা ক্যানলে থেকে সেই মূর্তি উদ্ধার করলো পুলিশ। সোমবার ফুলবাড়ি সংলগ্ন কাঞ্চনবাড়ির তিস্তা ক্যানেলের জল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, গত শুক্রবার রাতে ফুলবাড়ি সংলগ্ন কাঞ্চনবাড়ি এলাকার একটি শনি মন্দির থেকে শনি মহারাজের মার্বেল পাথরের মূর্তি চুরি যায়। শনিবার সকালে পুজো দিতে এসে মন্দিরের লোকজন মূর্তিটি দেখতে না পেয়ে বিষয়টি জানতে পারেন। এরপর নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।ঘটনার তদন্তে নেমে পুলিশ এক যুবককে আটক করে।
জিজ্ঞাসাবাদে ওই যুবক মূর্তিটি তিস্তা ক্যানেলের জলে ফেলে দেওয়ার কথা জানায় বলে পুলিশ সূত্রে খবর। সেই তথ্যের ভিত্তিতে সোমবার ফুলবাড়ির তিস্তা ক্যানেলে তল্লাশি শুরু করে পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে জলে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় চুরি যাওয়া শনি মহারাজের মূর্তি।
মূর্তি উদ্ধারের পর মন্দির কর্তৃপক্ষের মুখে স্বস্তি। মন্দির কমিটির সদস্য দীপক সিংহ জানান, শুক্রবার রাতে মূর্তিটি চুরি হয়েছিল। সকালে পুজো দিতে এসে তারা বিষয়টি জানতে পারেন। পুলিশের তৎপরতায় চুরি যাওয়া মূর্তিটি ফিরে পাওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান তারা।
এই ঘটনায় আটক যুবকের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।





