রাজগঞ্জ, ৯ অক্টোবরঃ পাঞ্জাবে পৌঁছনোর আগেই উধাও চা-পাতা বোঝাই ট্রাক। পুলিশের জালে চালক-সহ দুই। উদ্ধার হয়েছে ২০০ কেজি চা-পাতা।
রাজগঞ্জের বলরাম থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চা-পাতা বোঝাই ট্রাক। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথে উধাও হয়ে যায়।
অভিযোগ পেয়েই তদন্তে নামে ভোরের আলো থানার পুলিশ। ওড়িশা থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে বিহার বিভিন্ন রাজ্যে অভিযান চালানোর পর অবশেষে বিহার থেকে গ্রেফতার করা হয় ট্রাকের চালক ও তার এক সহকারীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৯ প্যাকেটে প্রায় ২০০ কেজি চা-পাতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাজগঞ্জের বলরাম এলাকা থেকে একটি ট্রাকে চা-পাতা বোঝাই করে পাঞ্জাবের উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে সেই চা-পাতা পৌঁছয়নি। এরপর ১১ সেপ্টেম্বর ভোরের আলো থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালায় ভোরের আলোর থানার পুলিশ।
অবশেষে চলতি মাসের ৩ তারিখ বিহার থেকে গ্রেফতার করা হয় বাসুকি কুমার মণ্ডল ও ললিত কুমার মণ্ডলকে। ধৃত বাসুকি বিহারের এবং ললিত উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার পর বিহারের আরারিয়া এলাকা থেকে উদ্ধার হয় চা-পাতা।
তবে কিভাবে মাঝপথে উধাও হয়ে গেল চা-পাতা বোঝাই ট্রাকের মাল? এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ভোরের আলো থানার পুলিশ।





