শিলিগুড়ি, ৯ অক্টোবরঃ তৃণমূল আমলে তৈরি বিশ্ববাংলা শিল্পী হাটের নাম পরিবর্তনের ইঙ্গিত দিলেন মন্ত্রী দীপক বর্মন। তবে এই মুহূর্তে শিল্পী হাটকে নতুন করে চালু করাই বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।
এদিন কাওয়াখালিতে অবস্থিত বিশ্ববাংলা শিল্পী হাট পরিদর্শন করেন মন্ত্রী দীপক বর্মন। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনের সময় শিল্পী হাটের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এর পরিকাঠামো ও সামগ্রিক হালহকিকতাও জেনে নেন তিনি।
পরিদর্শনের পর মন্ত্রী জানান, শিল্পী হাটকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা এই হাটকে কাজে লাগাতে পারেন এবং তাদের শিল্পকর্মের প্রসার ঘটাতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।তিনি আরও বলেন, বিশ্ববাংলার কোনও অস্তিত্ব নেই, তাই ওই নামেরও অস্তিত্ব নেই। তবে নাম পরিবর্তনের থেকে গুরুত্বপূর্ণ হল এই হাট চালু করা।





