শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ পুজোর মুখে ফুলেশ্বরী রেলগেট বন্ধ করে দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার ব্যবসায়ীরা। রেলগেট অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার একদিনের ধর্মঘটের ডাক দিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন ফুলেশ্বরীর ব্যবসায়ীরা। আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণাও করা হয়েছে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে।
ব্যবসায়ীদের অভিযোগ, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা না করেই হঠাৎ ফুলেশ্বরী রেলগেট বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এরফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে পুজোর মরশুমে ক্রেতাদের যাতায়াত কমে যাওয়ায় ব্যবসায়ীরা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি।
ফুলেশ্বরী ব্যবসায়ী সমিতির সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, রেল কর্তৃপক্ষ কোনওরকম পরিকল্পনা ছাড়াই আচমকা রেলগেটটি বন্ধ করে দিয়েছে। এরফলে ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছে। পুজোর আগে এমন সিদ্ধান্তে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। তাই সাধারণ মানুষের যাতায়াত এবং ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে ফুলেশ্বরী রেলগেট খুলে দেওয়ার দাবি জানান তিনি।দ্রুত রেলগেট খোলা নাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।





