শিলিগুড়ি, ৯ অক্টোবর: মাটিগাড়া থানা অন্তর্গত শিশুডাঙ্গি এলাকায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির ছাদ দিয়ে ঢুকে লোহার দরজা ও দুটি আলমারির লকার ভেঙে সোনা-রুপোর গয়না এবং লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুডাঙ্গি এলাকায় মা কিরণ শর্মার সঙ্গে থাকেন আকাশ শর্মা। বৃহস্পতিবার সকালে আকাশ নিজের দোকানে চলে যান। এরপর সকাল প্রায় ১০টা নাগাদ তার মা বাড়িতে তালা লাগিয়ে কাজে বেরিয়ে যান। ফলে পরবর্তী তিন থেকে চার ঘণ্টা বাড়িটি ফাঁকাই ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা ছাদ দিয়ে সিঁড়ির সাহায্যে বাড়ির ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
সাড়ে তিনটে নাগাদ বাড়ি ফিরে আকাশ দেখেন, বাড়ির মূল দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশীর বাড়ির ছাদ দিয়ে নিজের বাড়ির ছাদে পৌঁছন। এরপর ভেতরে ঢুকে দেখেন, লোহার দরজা ভাঙা এবং দুটি আলমারির লকারও ভাঙ্গা অবস্থায় রয়েছে।খোয়া গিয়েছে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা।
আকাশের মা কিরণ শর্মা জানান, প্রায় এক মাস পরেই ছেলের বিয়ে। সেই বিয়ের জন্য সোনা-রুপোর গয়না বাড়িতে রাখা ছিল। চোরের দল সেই সমস্ত গয়না ও নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





