শিলিগুড়ি, ৯ অক্টোবর: দুর্গাপুজোর মরশুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডরের নিরাপত্তা আরও জোরদার করতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল যৌথ মক ড্রিল। শুক্রবার গুরুং বস্তি সংলগ্ন মহানন্দা সেতুর নীচে নদীর তীরে মহড়ার আয়োজন করা হয়। এতে অংশ নেয় সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা।
বিএসএফের ৪৬ নম্বর ব্যাটালিয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার যৌথ উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়।সম্ভাব্য ড্রোন হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রস্তুতি কতটা, তা খতিয়ে দেখাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। পাশাপাশি দ্রুত পদক্ষেপ, উদ্ধারকাজ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মক ড্রিল চলাকালীন উপস্থিত ছিলেন বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি হরপাল সিং। তিনি মক ড্রিল পরিদর্শন করেন এবং নিরাপত্তা সংস্থাগুলির প্রস্তুতি খতিয়ে দেখেন।
ডিআইজি হরপাল সিং জানান, এই ধরনের মক ড্রিল নিয়মিত আয়োজন করা হয়। বিভিন্ন এলাকায় প্রতি মাসে মক ড্রিলের মাধ্যমে নিরাপত্তা সংস্থাগুলির প্রস্তুতি আরও মজবুত করা এবং জরুরি পরিস্থিতিতে পারস্পরিক সমন্বয় নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।





