কার্শিয়াং, ২৩ নভেম্বরঃ দার্জিলিং চা শিল্পের উন্নয়ন, চা চাষিদের ন্যায্য মূল্য এবং শ্রমিকদের কল্যাণে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
রবিবার কার্শিয়াংয়ের ঐতিহ্যবাহী মকাইবাড়ি চা বাগানের টি রিসর্টে, টি বোর্ড ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ চা শিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতি, রপ্তানিকারক, ক্ষুদ্র চা চাষি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
বৈঠকে চা শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জানান, চা চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিলাম ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনা হবে। পাশাপাশি পুরোনো চা গাছের পরিবর্তে নতুন গাছ লাগানো এবং চা বাগানের পুনরুজ্জীবনে নতুন প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হবে।
চা শ্রমিকদের উন্নয়নে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’-র অধীনে পশ্চিমবঙ্গে প্রায় ৩১২ কোটি টাকা ব্যয়ের কথাও ঘোষণা করেন মন্ত্রী। এই অর্থ শ্রমিকদের সন্তানদের শিক্ষা এবং পরিবারের স্বাস্থ্য পরিষেবায় ব্যবহার করা হবে বলে জানান মন্ত্রী পীযূষ গোয়েল।
আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের রপ্তানি বাড়াতে বিশ্বব্যাপী প্রচার এবং রপ্তানিকারকদের আর্থিক সহায়তার পরিকল্পনার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি দার্জিলিং চায়ের স্বতন্ত্র পরিচিতি ও ব্র্যান্ডমূল্য ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। নেপালের চায়ের সঙ্গে দার্জিলিং চায়ের মিশ্রণ ও নকল চা বিক্রির অভিযোগ নিয়েও বাগান মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে ডুয়ার্স, তরাই ও পাহাড়ের বন্ধ চা বাগান প্রসঙ্গে পীযূষ গোয়েল জানান, নির্দিষ্ট অভিযোগ এলে কেন্দ্র বিষয়টি খতিয়ে দেখবে। তবে ব্যক্তিগত মালিকানাধীন চা বাগানের শ্রমিক সংক্রান্ত সমস্যা সমাধানের দায়িত্ব রাজ্য সরকারের শ্রম দপ্তরের।





