ফুলবাড়ি ,২৩ নভেম্বরঃ শীতের শুরুতেই ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু। উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়ের মতো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজেও আসতে শুরু করেছে নানা প্রজাতির পরিযায়ী পাখি।
নভেম্বরের মাঝামাঝি থেকেই পাখিদের দেখা মিলতে শুরু করেছে। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পাখির সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর শীতের মরশুমে বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা মহানন্দা নদীর এই ব্যারেজ এলাকায় এসে ভিড় জমায়। তিব্বত,আফ্রিকা-সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা রংবেরঙের পাখিদের দেখতে প্রতিবছরই ভিড় করেন পাখিপ্রেমী ও পর্যটকরা। ইতিমধ্যেই অনেকেই ক্যামেরা হাতে পাখির ছবি তুলতে ব্যারেজ এলাকায় আসছেন।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা পার্কের কর্মী কৃষ্ণ রবিদাস জানান, এবছর নভেম্বর মাসের ১৫ তারিখের পর থেকেই পরিযায়ী পাখিদের আসা শুরু হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে পাখির সংখ্যা আরও বাড়বে। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসের দিকে শীতের মরশুম শেষ হলে পাখিরা ফিরে যায়।
পাখিদের যাতে কেউ বিরক্ত করতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান কৃষ্ণবাবু। পাখিদের বিরক্ত এড়াতে এলাকায় জোরে শব্দ করা বা মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আগমনে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায় তৈরি হয়েছে বাড়তি আকর্ষণ।





