ফুলবাড়ি, ২৩ নভেম্বরঃ সাইকেলে করে কাজে যাওয়ার পথে ফুলবাড়িতে কনটেনারের ধাক্কায় আহত রাজমিস্ত্রির মৃত্যু হল। সোমবার ভোররাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ফাঁসিদেওয়া ব্লকের রহমুজোত গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে, রবিবার সকালে প্রতিদিনের মতো সাইকেলে করে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন গৌরাঙ্গবাবু। ফুলবাড়ির আমাইদিঘিতে জাতীয় সড়কে একটি কনটেনার গাড়ি তাকে ধাক্কা মারে। ধাক্কায় সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এরপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
গৌরাঙ্গবাবুর মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন তিনি। গৌরাঙ্গবাবুর পরিবারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। প্রতিদিন রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন তিনি। তার মৃত্যুর পর কীভাবে সংসার চলবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।





