বেলাকোবা, ২২ নভেম্বরঃ বাড়ি থেকে উদ্ধার হল ২০টি গ্যাস সিলিন্ডার। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলাকোবা ফাঁড়ির পুলিশ। রবিবার সকালে বেলাকোবার প্রসন্ননগর এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির এএসআই বিশ্বজিৎ মহন্ত, এএসআই জয় রায়-সহ পুলিশের একটি দল ওই এলাকায় আশিস দাস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে মোট ২০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়। এরপর আশিস দাসকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধার হওয়া সমস্ত গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী কারণে ওই ব্যক্তির বাড়িতে এতগুলি গ্যাস সিলিন্ডার মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





