শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ বেকার ভাতার বিরোধিতা এবং চাকরির দাবীতে শিলিগুড়িতে মিছিল ও পুরনিগম অভিযান করলো ভারতীয় জনতা যুব মোর্চা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্ত, বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন মিছিল করে শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ দেখানো হয়।সেখানে টেন্ট তৈরি করে যুব ভাতা ও চাকরি নিয়ে সাধারন মানুষের মতামত গ্রহন করা হয়৷ ব্যালটের মাধ্যমে মতামত জানান সাধারণ মানুষ।সাংসদ নিজেও সেই বক্সে ব্যালটের মাধ্যমে তার মতামত জানান।
এরপর দলীয় কর্মী-সমর্থকেরা মিছিল করে শিলিগুড়ি পুরনিগমে যান।অভিযানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।পুরনিগমের মূল গেটের আগেই আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের।পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
বিজেপির দাবি, রাজ্যে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ তৈরি না করে সরকার বেকার ভাতা দিয়ে যুবসমাজকে ভুল পথে পরিচালিত করছে। তাদের অভিযোগ, শিল্পোন্নয়ন ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে।দ্রুত স্থায়ী চাকরির সুযোগ সৃষ্টি এবং নিয়োগ দুর্নীতি বন্ধের দাবী জানান তারা।
শাসকদলের পাল্টা দাবি, বেকার ভাতা প্রকল্প যুবকদের আর্থিক সহায়তা দিতেই চালু হয়েছে। রাজনৈতিক স্বার্থে বিষয়টি ইস্যু করা হচ্ছে বলে অভিযোগ।
