শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে ১৫ বছর বয়সী দশম শ্রেণীর এক ছাত্রকে খুনের অভিযোগ।তিনদিন ধরে নিখোঁজ থাকার পর শুভজিৎ মোদকের মৃতদেহ সুকনার জঙ্গল থেকে উদ্ধার করলো পুলিশ।
জানা গিয়েছে, মৃত শুভজিত মোদক মাটিগাড়া থানার শিমুলতলা এলাকার বাসিন্দা ছিল। শনিবার থেকে নিখোঁজ ছিল সে।পরিবারের অভিযোগ, এলাকার যুবক রাজ পাসওয়ান শুভজিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ রাজ পাসওয়ান, শুভজিতকে ফোন করে বাইরে আসতে বলে। রাত ১০টা নাগাদ শুভজিতের মোবাইল বন্ধ হয়ে যায়।পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অপহরণ সন্দেহে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাজ পাসওয়ান এবং শুভজিতের মধ্যে এক কিশোরীকে নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।প্রেমের সম্পর্কের জেরে এই খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।
এদিকে এই ঘটনায় ১৫ বছর বয়সী এক নাবালিকাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গোটা ঘটনা জানায় নাবালিকা।তার তথ্যের ভিত্তিতে সুকনার জঙ্গল থেকে শুভজিতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রাজ পাসোয়ান পলাতক।তাকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে পুলিশ।গ্রেফতার নাবালিকাকে জুভেনাইল আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
