ট্রেনিংয়ে এসে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু! ফুলবাড়িতে বিক্ষোভ-ঘটনায় চাঞ্চল্য

ফুলবাড়ি, ৯ ফেব্রুয়ারিঃ ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটালিয়নে ট্রেনিংয়ে এসে এক সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন তিনি।


জানা গিয়েছে, প্রশিক্ষণের জন্য ফুলবাড়ি ১২ নম্বর ব্যাটালিয়নের পুলিশ ব্যারাকে এসেছিলেন পঙ্কজ বর্মন। গতকাল রাতে সহকর্মীদের সঙ্গে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু আজ সকালে দীর্ঘক্ষণ সাড়া না মেলায় সহকর্মীরা তার ঘরে গিয়ে দেখেন তিনি নিথর অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি ব্যাটালিয়ন কর্তৃপক্ষকে জানানো হয়। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। তারা ব্যাটালিয়নের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপ ও কাজের চাপের জেরেই পঙ্কজ বর্মনের মৃত্যু হয়েছে। পাশাপাশি রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য মাত্র ১০০০ টাকা ভাতা বৃদ্ধি নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন এবং ক্ষোভ উগরে দেন।


যদিও ঠিক কী কারণে পঙ্কজ বর্মনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ব্যাটালিয়নের গেটের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে এলাকায় থমথমে পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *