শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির এক তৃণমূল কাউন্সিলরের নিখোঁজ মেয়েকে সুরক্ষিতভাবে উদ্ধার করলো পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।কাউন্সিলরের মেয়েকে অপহরণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতের নাম সুশান্ত সাহা।৪১ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার বাসিন্দা।একটি ফাইন্যান্স কোম্পানিতে কাজ করে সে।
জানা গিয়েছে, ওই কাউন্সিলরের মেয়ে কয়েকদিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর পানিট্যাঙ্কি ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাকিং এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ভক্তিনগর থানা অন্তর্গত সরকার পাড়া এলাকা থেকে কাউন্সিলরের মেয়েকে উদ্ধার করা হয়।অপহরণের অভিযোগে সুশান্ত সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুশান্ত সাহা কাউন্সিলরের মেয়েকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।যুবতীর বয়ানও রেকর্ড করা হয়েছে।
এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং জানান, গত ১১ তারিখে একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তে নেমে যুবতীকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের অভিযোগে সুশান্ত সাহাকে গ্রেফতার করা হয়েছে। এই অপহরণের পেছনে অভিযুক্তের কি উদ্দেশ্য রয়েছে তার তদন্ত করছে পুলিশ।
