শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ সেবক রোড়ে হিট অ্যান্ড রানের ঘটনায় অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করলো আদালত।অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ তারিখ গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি গাড়ি শঙ্কর ছেত্রী এবং এক তরুণীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।ঘটনায় মৃত্যু হয় শঙ্কর ছেত্রীর।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তরুণীকে।দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত চালক পলাতক ছিল।এরপর এই ঘটনায় দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ।
আজ ফের অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযুক্তের আইনজীবী চিন্ময় সাহা বলেন, তার মক্কেলের হিট অ্যান্ড রান মামলার সঙ্গে কোনও সম্পর্ক নেই। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি তার মক্কেলের নয়।পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না।দেবাংশু পাল চৌধুরীর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি।
