ডিপার্টমেন্টাল স্টোরের নামে মদের দোকান খোলার অভিযোগ, বিক্ষোভ দেখালো রাজবংশী ক্ষত্রিয় ওয়েলফেয়ার সোসাইটি

শিলিগুড়ি, ২১ মার্চঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ৪২ নম্বর ওয়ার্ডে একটি ডিপার্টমেন্টাল স্টোরের নাম করে মদের দোকান খোলার অভিযোগ।ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। রবিবার দোকানের সামনে জড়ো হয়ে দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায় শিলিগুড়ি রাজবংশী ক্ষত্রিয় ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।
এদিন বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দোকানের সামনে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, ডিপার্টমেন্টাল স্টোরের আড়ালে মদের ব্যবসা চালানো হচ্ছে, যা এলাকায় সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
২০২৪ সালেও একই জায়গায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান খোলা হয়েছিল। তখন স্থানীয়দের প্রতিবাদের মুখে সেটি বন্ধ হয়ে যায়। সেই জায়গাতেই ফের মদের দোকান খোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা।তাদের আশঙ্কা, এলাকায় মদের দোকান চালু থাকলে সমাজের উপর বিরূপ প্রভাব পড়বে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ।ঘটনাস্থলে যান ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভা সুব্বা।দোকানের আধিকারিক ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কাউন্সিলর শোভা সুব্বা জানান, “এলাকাবাসীদের অভিযোগ আমরা গুরুত্ব সহকারে দেখছি। দোকানের মালিক বর্তমানে চিকিৎসার জন্য বাইরে রয়েছেন। তিনি ফিরে এলে সকলকে নিয়ে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর কাউন্সিলর ও পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।পরবর্তীতে দোকানটি বন্ধ করে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *