উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে গালিগালাজ ও শারীরিক হেনস্থার অভিযোগ, শোরগোল মাটিগাড়ায়

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ  মাটিগাড়া থানার অন্তর্গত শিশাবাড়ি বাজার এলাকায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে গালিগালাজ এবং শারীরিক হেনস্থার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে ওই ছাত্রীটি বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য বের হয়েছিল। সেই সময় প্রতিবেশী এক মহিলা তাকে আটকে মোবাইল ফোন নিয়ে আপত্তিকর মন্তব্য ও কটাক্ষ করতে শুরু করেন। অভিযোগ, “সরকারি টাকায় মোবাইল কেনা হয়েছে” — এই বলে ছাত্রীকে চরম অপমান করেন ওই মহিলা।


 মহিলার পরিবারের অন্যান্য সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে যান এবং ছাত্রীকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে শারীরিক ভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। এমনকি ছাত্রীকে টেনে-হিঁচড়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়েছে। সেই সময় ছাত্রীর ভাই সেখানে উপস্থিত হয়ে কোনওরকমে বোনকে উদ্ধার করেন। আহত ছাত্রীকে চিকিৎসার জন্য মাটিগাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ছাত্রী আঠারোখাই বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে নরসিংহ বিদ্যাপীঠে।  শনিবার তার ইতিহাস পরীক্ষা ছিল। ছাত্রীর ভাইয়ের দাবি, পুরনো শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। শনিবার পরীক্ষা শেষ করে ওই ছাত্রী সরাসরি মাটিগাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *