বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন 

শিলিগুড়ি, ১১ মার্চঃ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। বুধবার বিদ্যালয় প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রার শুভ সূচনা হয়। এরপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।
এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীসহ অভিভাবকেরা।
শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। সতীদাহ প্রথা রোধ, বাল্যবিবাহ বিরোধী বার্তা, নারী শিক্ষা এবং যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয়।
এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিতোষ দাস জানান, গত ফেব্রুয়ারি মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সেসময় অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। তাই আজ শোভাযাত্রার মধ্য দিয়ে হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা করা হল।গোটা বছর জুড়ে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে এই উদযাপন চলবে। প্রতি মাসে একটি করে অনুষ্ঠান হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দুদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদযাপনের সমাপ্তি ঘটবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *