পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়লো মাধ্যমিক পরীক্ষার্থী

রাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনার কবলে পড়লো এক পরীক্ষার্থী। মাথা ও ঘাড়ে চোট লাগায় শেষ পর্যন্ত তার জীবন বিজ্ঞান পরীক্ষা দেওয়া হল না। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 
বুধবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এদিন সকালে ফুলবাড়ির কালাঙ্গিনি এলাকা থেকে পরীক্ষা দিতে বেরিয়েছিল সাবানা খাতুন নামে ওই ছাত্রী। সে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র ছিল বন্ধুনগর ডিএন উচ্চ বিদ্যালয়ে।
জানা গিয়েছে, সকালে বাড়ি থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়ার পর ফুলবাড়ি-আমায়দীঘি এলাকায় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে।ধাক্কার জেরে রাস্তায় লুটিয়ে পড়ে সে। মাথা, ঘাড় ও পিঠে গুরুতর চোট লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। মাথায় একাধিক সেলাই পড়ে।
পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।কিছু সময় পরীক্ষাও দেয় সাবানা।কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বমি শুরু হয়।পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে।
এরপর পরিবারের সদস্যরা তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *