রাজগঞ্জ, ৮ ফেব্রুয়ারিঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই কলেজ পড়ুয়া সহ তিনজনের মৃত্যু,শোকাহত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন বিধায়ক খগেশ্বর রায়।
শনিবার সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত মনুয়াগঞ্জ এলাকায়, আমবাড়ি–হাতিমোড় রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্ণদেব মণ্ডল ও শুভাশিস ওঁরাও নামে দুই যুবকের। গুরুতর আহত অবস্থায় দীপঙ্কর মজুমদারকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
কর্ণদেব মন্ডল একটি কারখানায় কর্মরত ছিলেন।তার পরিবারে রয়েছে মা, বাবা, স্ত্রী এবং দুই বছরের এক সন্তান।অপরদিকে শুভাশিস ওঁরাও ও দীপঙ্কর মজুমদারের পরিবারেও রয়েছে তাদের মা, বাবা, ভাই।
রবিবার সকালে মৃত তিন যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তার সঙ্গে ছিলেন রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বানী ধারা এবং পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার সহ অন্যান্যরা। তারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেন।
পাশাপাশি এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা নিতাই মণ্ডল। তিনিও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং পাশে থাকার বার্তা দেন।
