শিলিগুড়ি,১২ জানুয়ারিঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে পথ দুর্ঘটনা রোধে এবার সচেতনতার বার্তা নিয়ে পথে নামল সাধারণ মানুষ। সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দাদাভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের সহযোগিতায় বিশেষ সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হল।
এদিনের কর্মসূচিতে হেলমেটবিহীন বাইক চালকদের থামিয়ে হেলমেট পরার জন্য অনুরোধ করা হয় এবং নিরাপদে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়। পাশাপাশি ইস্টার্ন বাইপাসে চলাচলকারী বড় গাড়িগুলিকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলার নির্দেশিকাও দেওয়া হয়।
দাদাভাই স্পোর্টিং ক্লাবের সদস্যরা জানান, ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কারণেই সাধারণ মানুষ ও পুলিশের যৌথ উদ্যোগে এই সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানো যায়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক এসিপি অনির্বাণ মজুমদার, আশিঘর সাব ট্রাফিক গার্ডের ওসি তনয় সরকার সহ অন্যান্য ট্রাফিক পুলিশ আধিকারিকরা।
