সূর্যসেন পার্কে ফের চালু বোটিং, উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি, ১৮ ডিসেম্বর: দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর ফের প্রাণ ফিরে পেল সূর্যসেন পার্কের বোটিং ব্যবস্থা। বৃহস্পতিবার ফিতে কেটে বোটিং পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের আধিকারিকরা।
এদিন মোট চারটি চার-সিটের হাঁস বোট, দুটি চার-সিটের বোট এবং চারটি দুই-সিটের বোট উদ্বোধন করা হয়। পাশাপাশি পুকুরে আটটি রাজহাঁস নামানো হয় এবং মাছের পোনাও ছাড়া হয়। প্রায় ৯ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে এই নতুন বোটগুলি কেনা হয়েছে।


বোটিংয়ের টিকিট ভাড়া হিসেবে বর্তমানে চার-সিটের বোটে মাথাপিছু ৬০ টাকা এবং দুই-সিটের বোটে মাথাপিছু ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বোটিং চলাকালীন যাত্রীদের জন্য থাকছে লাইফ জ্যাকেট।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র গৌতম দেব জানান, পুকুর সংস্কারের কাজ এবং পুরনো বোর্ডগুলি দীর্ঘদিন ব্যবহারের ফলে নষ্ট হয়ে যাওয়ায় বোটিং পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। নতুন করে বাইরে থেকে বোট অর্ডার করে এনে আজ থেকে পুনরায় বোটিং চালু করা হলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *