ভোটের উত্তাপে গরম শিলিগুড়ি, তার মাঝেই ‘ফিটনেস বনাম স্পোর্টস’, লড়াইয়ে নজর কাড়ছেন দুই প্রার্থী!

বিধানসভা ভোটের প্রচারে এখন তুঙ্গে শিলিগুড়ি। ভোটারদের মন জিততে রাস্তায়-রাস্তায় ঘুরছেন প্রার্থীরা। তবে প্রচারের ফাঁকেই ভিন্ন মেজাজে ধরা পড়লেন তৃণমূল ও বিজেপি—দুই শিবিরের দুই মুখ।
একদিকে তৃণমূল প্রার্থী তথা মেয়র গৌতম দেব। প্রচারের মাঝেই হঠাৎ জিমে হাজির! ডাম্বেল হাতে ও ট্রেডমিলে ঘাম ঝরাতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু জোর চর্চা—‘ফিটনেসে এগিয়ে গৌতম’ বলছেন অনেকে।
অন্যদিকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষও কম যান না। বাঘাযতীন পার্কে প্রচারে গিয়ে হঠাৎই ব্যাডমিন্টন খেলায় নেমে পড়লেন তিনি। স্থানীয়দের সঙ্গে র‍্যাকেট হাতে খেলায় মেতে ওঠার দৃশ্য মুহূর্তেই ভাইরাল—‘খেলায় মন, ভোটেও লক্ষ্য’ এমন মন্তব্য শোনা যাচ্ছে চারদিকে।
ফিটনেস আর ফানের এই ভিন্ন স্টাইলের মধ্যেই জমে উঠেছে শিলিগুড়ির ভোটের লড়াই। তবে একদিকে শরীরচর্চা, অন্যদিকে খেলাধুলা—সবকিছুর মাঝেই কিন্তু ভোটারদের দরজায় কড়া নাড়তে একটুও ভুলছেন না দুই প্রার্থীই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *