রাজগঞ্জ, ২১ ফেব্রুয়ারিঃ টোটো ও ছোট মালবাহী গাড়ির সংঘর্ষে আহত টোটো চালক। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি–জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের পানিকৌরি মোড় সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, একটি টোটো জাতীয় সড়ক ধরে ফাটাপুকুরের দিক থেকে হাতিমোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে ভুল রাস্তায় (রং সাইড) এসে পড়ে একটি ছোট মালবাহী গাড়ি। আচমকাই দুটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে টোটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আহত হন টোটো চালক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। আহত চালককে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে দুর্ঘটনার পর মালবাহী গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। পলাতক গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
