ময়নাগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত প্রায় ১০টি দোকান

ময়নাগুড়ি, ২ জানুয়ারিঃ ময়নাগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত অন্তত ১০টি দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত ১০টি দোকান এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে বাজারের একটি মিষ্টির দোকানে আগুন দেখতে পান। ওই দোকানে মজুত ছিল একাধিক গ্যাস সিলিন্ডার। সেখান থেকেই মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে বহু দোকানের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও ময়নাগুড়ি থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *