রাজগঞ্জ,২২ জানুয়ারিঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালেন যুবক। বিয়ের মাত্র এক বছরের মধ্যেই স্ত্রী ও সন্তানকে অনাথ করে চলে গেলেন তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষীস্থান এলাকায়।মৃতের নাম ইসমাইল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বাইক নিয়ে কাজে যাওয়ার সময় বাড়ি থেকে কিছুটা দূরে একটি টোটোর সঙ্গে সংঘর্ষ হয় ইসমাইলের।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পরেই তাঁর মৃত্যু হয়।
খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন ইসমাইলের স্ত্রী ও পরিবারের সদস্যরা। সবেমাত্র এক বছর আগে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিলেন ইসমাইল। তাঁর অকাল প্রয়াণে পরিবারটি কার্যত দিশেহারা হয়ে পড়েছে।
