নকশালবাড়ি, ২৫ সেপ্টেম্বরঃ একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল গৃহবধূর পচাগলা দেহ। নকশালবাড়ির রথখোলা মোড়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, নেপালে কর্মসূত্রে গিয়ে গঙ্গারামপুরের বাসিন্দা বিপ্লব চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় নেপালের ধুলাবারির যুবতী হেমা মন্ডলের। ২ বছর আগে পালিয়ে বিয়ে করেন তারা।
বিয়ের পর থেকেই নকশালবাড়ির রথখোলা মোড়ে ভাড়া বাড়িতে থাকতেন দম্পতি। স্বামী কাজের সূত্রে এক সপ্তাহ ধরে বাইরে ছিল।এদিন বাড়িতে ফিরতেই স্ত্রীর পচাগলা দেহ দেখতে পান বিপ্লব।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নকশালবাড়ি থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামীকে আটক করেছে নকশালবাড়ি থানার পুলিশ। খবর পেয়ে নেপাল থেকে ছুটে আসে হেমার পরিবারের সদস্যরা।মেয়ের মৃত্যুতে জামাইয়ের হাত রয়েছে বলে অভিযোগ করেন মৃতার বাবা।ঘটনায় থানায় অভিযোগও দায়ের করেন তারা।
জানা গিয়েছে, বিয়ের পরে নেপালে মোবাইলের ব্যবসা করতো বিপ্লব।স্ত্রীকে ভাড়া বাড়িতে রেখেই কাজেই মগ্ন থাকত সে।গত ২১ তারিখ শেষবার ফোনে কথা হয়েছিল দুজনের। মৃতার মোবাইল উদ্ধার করে ২ জনের মধ্যে মতের অমিল, ঝগড়া তথ্য পেয়েছে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।





