নকশালবাড়ি, ২৫ সেপ্টেম্বরঃ ভাড়া বাড়ি থেকে গৃহবধূর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেফতার করলো নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিপ্লব চৌধুরী।
জানা গিয়েছে, নেপালে কর্মসূত্রে গিয়ে গঙ্গারামপুরের বাসিন্দা বিপ্লব চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় নেপালের ধুলাবারির যুবতী হেমা মন্ডলের। ২ বছর আগে পালিয়ে বিয়ে করেন তারা।
বিয়ের পর থেকেই নকশালবাড়ির রথখোলা মোড়ে ভাড়া বাড়িতে থাকতেন দম্পতি। স্বামী কাজের সূত্রে এক সপ্তাহ ধরে বাইরে ছিল।এদিন বাড়িতে ফিরতেই স্ত্রীর পচাগলা দেহ দেখতে পান বিপ্লব।খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
খবর পেয়ে নেপাল থেকে ছুটে আসে হেমার পরিবারের সদস্যরা।মেয়ের মৃত্যুতে জামাইয়ের হাত রয়েছে বলে অভিযোগ করেন মৃতার বাবা।ঘটনায় থানায় অভিযোগও দায়ের করেন তারা। সেই অভিযোগের ভিত্তিতেই প্রথমে মৃতার স্বামীকে আটক করা হয়।
দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।





