শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ রবিবার বিশ্ব পর্যটন দিবস। তার একদিন আগেই শনিবার শিলিগুড়িতে বিশ্ব পর্যটন দিবসের সূচনা করল রাজ্য পর্যটন দফতর।
এদিন শিলিগুড়ি কলেজ মাঠ থেকে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়াদের অংশগ্রহণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, দার্জিলিং জেলার জেলাশাসক, শিলিগুড়ি মহকুমা শাসক-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
এদিন রাজ্যের পর্যটন সম্ভাবনা নিয়ে একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর দাবি, আগের সরকার পশ্চিমবঙ্গের পর্যটনের বিপুল সম্ভাবনার কথা বললেও সেই সম্ভাবনাকে বাস্তবে কাজে লাগানোর ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পর্যটন খাতে বরাদ্দ অর্থের ২০ শতাংশও ব্যয় করা হয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি যে অর্থ খরচ হয়েছে, তার একাংশ নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
শঙ্কর ঘোষ জানান, রাজ্যের পর্যটন পরিকাঠামোকে আরও উন্নত ও শক্তিশালী করতে প্রতিটি জেলায় অন্তত একটি করে পর্যটন গন্তব্যকে বিশেষভাবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রকে পরস্পরের সঙ্গে যুক্ত করে একাধিক পর্যটন সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। দার্জিলিং পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রসার ঘটানোর পাশাপাশি নতুন ট্রেকিং রুট চিহ্নিত করা এবং সেই অনুযায়ী ট্রেকিং পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।





