শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বর : শিলিগুড়ি সন্তোষী নগর এলাকায় অবৈধ বহুতল ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম। শনিবার আদালতের নির্দেশ মেনে এই অভিযান চালানো হয়।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষী নগরের ১ নম্বর গলিতে অনুমোদিত নকশা ছাড়াই একটি তিনতলা বাড়ি নির্মাণ করা হয়েছিল। অভিযোগ, নির্মাণের বিষয়টি নিয়ে পুরনিগমের পক্ষ থেকে একাধিকবার নোটিশ জারি করা হলেও তা উপেক্ষা করা হয়। এমনকি পূর্বে ড্রেনের উপর তৈরি করা নির্মাণের একটি অংশ ভেঙেও দেওয়া হয়েছিল।
তবুও নির্দেশ কার্যকর না হওয়ায় শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হয় পুরনিগম। আদালতের নির্দেশ পাওয়ার পর এদিন বুলডোজার নামিয়ে সুরেন্দ্র সাহানি নামে ওই ব্যক্তির অবৈধ বহুতল সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়।
পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন নির্মাণ এবং সরকারি পরিকাঠামোর উপর বেআইনি দখলের বিরুদ্ধে ভবিষ্যতেও একইভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।





