শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল খালপাড়া ফাঁড়ির পুলিশ। শুক্রবার গভীর রাতে হেমন্ত বসু কলোনি এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৫ লক্ষ ৮ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতের নাম প্রদীপ প্রসাদ।শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ হেমন্ত বসু কলোনিতে প্রদীপ প্রসাদের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং নগদ টাকা উদ্ধার হয়। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তি পাহাড় ও সিকিমে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তার পুরনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কিনা এবং মাদক কারবারের সঙ্গে তার আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।





