শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ সাউন্ড সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মকানুন আরও স্পষ্ট ও সবার জন্য সমানভাবে কার্যকর করা সহ ৮ দফা দাবিতে সরব হল উত্তরবঙ্গ সাউন্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের অভিযোগ, বর্তমানে সাউন্ড ব্যবহারের ক্ষেত্রে ৬৫ ডেসিমেলের সীমা নিয়ে বিভিন্ন জটিলতার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।রাজনৈতিক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।
তাদের বক্তব্য, সাউন্ড ব্যবসার সঙ্গে উত্তরবঙ্গের বহু পরিবার ও কর্মী নির্ভরশীল। উৎসবের মরশুমে কাজ নেওয়ার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে প্রশাসনের তরফে সাউন্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আবার একই সময়ে অনুষ্ঠান আয়োজকদের তরফে সাউন্ড চালিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ফলে ব্যবসায়ীরা কার্যত দুই পক্ষের চাপে পড়ছেন বলে অভিযোগ।
এই সমস্যার সমাধান এবং নিয়মের স্বচ্ছতা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়। তবে এখনও কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ।
সংগঠনের হুঁশিয়ারি, তাদের আট দফা দাবি নিয়ে দ্রুত পদক্ষেপ না করা হলে মহালয়া থেকে উত্তরবঙ্গজুড়ে সাউন্ড ব্যবসা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানিয়েছেন সংগঠনের সদস্যরা।





