শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু এবং অতিরিক্ত বিলের অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।
পরিবারের অভিযোগ, ৭০ বছর বয়সী বৃদ্ধকে প্রধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেইসময় তিনি কথা বলছিলেন।হাসপাতালে ভর্তির পর ভেন্টিলেশনে নিয়ে যেতেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়।রোগীর পরিবারকে না জানিয়েই ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
পরিবারের তরফে তপস কুমার বর্মণ জানান, রোগীর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ধরণের কথা বলছিলেন।বারবার সময় চাওয়া হয় এবং রোগী সুস্থ হয়ে উঠবেন বলে আশ্বাস দেওয়া হয়।এই সময়ের মধ্যেই চিকিৎসা ও ওষুধ খরচ বাবদ বিপুল পরিমাণ বিল করা হয়।একদিনে প্রায় ৩৬ হাজার টাকার ওষুধের বিল দেওয়া হয়। প্রতিদিন বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে বলে অভিযোগ। বিলের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার।
আরও অভিযোগ, রোগীর মৃত্যু হলেও দীর্ঘ সময় তাদের কাছে বিষয়টি জানানো হয়নি।পরে তারা বিষয়টি প্রধাননগর থানায় অভিযোগ জানান।অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।





