শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বর: বয়স্ক মহিলাকে দেখভালের জন্য এসে সোনার চেন ও নগদ টাকা চুরির অভিযোগ।ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্যালিকা ও তার জামাইবাবুকে গ্রেফতার করে চুরি যাওয়া সোনা উদ্ধার করলো শিলিগুড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা নরেন্দ্র নাথ দামের স্ত্রী বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন।তার দেখভালের জন্য লাবনী রায় ওরফে রিঙ্কি নামে এক মহিলাকে আয়া হিসেবে কাজে রাখা হয়েছিল। অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর বাড়িতে কাজ করার সময় সুযোগ বুঝে আলমারি থেকে প্রায় এক ভরি ওজনের একটি সোনার চেন এবং নগদ টাকা চুরি করে লাবনী।
চুরি করার পর লাবনী ওই সোনার চেন তার জামাইবাবু রামচন্দ্র সরকারকে দেয়। এরপর রামচন্দ্র সেই সোনার চেনটি বিক্রির পরিকল্পনা করে।চেনটি গলিয়ে ফেলে।
কয়েকদিন পর আলমারি খুলে নরেন্দ্র নাথ দাম দেখেন, সোনার চেন ও নগদ টাকা নেই। এরপর তিনি শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। লাবনী রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।এরপর চুরির ঘটনা সামনে আসে।
ঘটনার পর রামচন্দ্র সরকারের খোঁজে অভিযান চালায় পুলিশ। শেষ পর্যন্ত দুজনকেই গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে গলিয়ে ফেলা ৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া সোনা নরেন্দ্র নাথ দামের হাতে তুলে দেয় পুলিশ। চুরি যাওয়া সোনা ফিরে পেয়ে খুশি হন বৃদ্ধ।শিলিগুড়ি থানার পুলিশকে ধন্যবাদ জানান তিনি।





