কলকাতায় হুমকি ফোন কল! শিলিগুড়িতে বন্ধ রাখা হল পাসপোর্ট অফিস

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ  হুমকি ফোন কলের জেরে বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হল শিলিগুড়ির পাসপোর্ট অফিস।করা হল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।


জানা গিয়েছে, কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসে একটি সংগঠনের নাম করে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এর পরই সারা দেশের পাসপোর্ট দপ্তরগুলিকে সতর্ক করে দেওয়া হয়।এদিকে শিলিগুড়ির পরিবহন নগর স্থিত পাসপোর্ট অফিসে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অবিলম্বে সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। কর্মী ও সাধারণ মানুষকে অফিস চত্বর থেকে বের করে দেওয়া হয়। প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা সম্পূর্ণরূপে কাজ বন্ধ রাখা হয়।যার জেরে দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

অন্যদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই মাটিগাড়া থানার পুলিশ, ডগ স্কোয়াড, আইবি ও সিআইডি বোম্ব স্কোয়াডের দল ঘটনাস্থলে পৌঁছায়। পুরো চত্বর জুড়ে তল্লাশি চালানো হয়। যদিও সেখানে কোনও ধরনের বিস্ফোরক বস্তু পাওয়া যায়নি।


শিলিগুড়ি পাসপোর্ট অফিসের উচ্চপদস্থ আধিকারিক সোমনাথ মিত্র জানান, কলকাতা রিজিওনাল অফিস থেকে সতর্কবার্তা পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে অফিস খালি করে পুলিশকে খবর দেওয়া হয়।

অন্যদিকে, শিলিগুড়ির ডিসিপি রাকেশ সিং জানান, সিআইডি বোম্ব স্কোয়াডের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’পাওয়ার পর পুনরায় কাজকর্ম শুরু করা হয়েছে।

হুমকি দেওয়া সংগঠন ও ফোন কলের উৎস খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলি গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *